ঢাকা: দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং আগামী রবিবার মনোনিতদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ মনোনিতদের অধিকাংশই নতুন মুখ। তদবিরবাজ, অদক্ষ ও দুর্নীতিবাজদের এবার মনোনয়ন দেয়া হচ্ছে না। স্থান পেয়েছেন ক্লিন ইমেজের সাংগঠনিক দক্ষতা সম্পন্নরা। বিশেষ করে জেলা কোটায় পুরনোদের বাদ দিয়ে নতুন মুখ রাখা হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য এবার সর্বাধিক সংখ্যক নারী নেত্রী মনোনয়ন চেয়েছেন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে ৮২২ নারী প্রার্থী আবেদন করেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নিয়েছে। সংরক্ষিত ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগের কোটায় থাকছে ৩৮ আসন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণের দিন আগামী ৩ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মার্চ, যাচাই-বাছাই ১১ মার্চ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ মার্চ।