বিনোদন ডেস্ক: প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে শ্রীলঙ্কায় তিনদিনের ছুটি কাটিয়ে ভারত ফিরলেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে হৃত্বিক রোশানের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা। অন্যদিকে আনুশকা শর্মার সঙ্গে শ্রীলঙ্কায় ‘বম্বে ভেলভেট’ সিনেমার শুটিং করছেন রণবীর।
মিড ডে জানায়, ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ের ফাঁকে অবসর সময়টুকু দিল্লির হোটেলে না কাটিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কায় অভিসারে যান ক্যাট।
দিল্লি থেকে ১ মার্চ কলোম্বোতে উড়ে যান ক্যাট। তিনদিন সেখানে থেকে ৪ মার্চ শুটিংয়ে ফিরে আসেন। এর আগেও একবার ছুটি কাটাতে শ্রীলঙ্কা গিয়েছিলেন রণবীর-ক্যাট।
প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে টিনসেলে রণবীর-ক্যাটকে নিয়ে জল্পনা কল্পনার সূত্রপাত হয়। যদিও দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।