ঢাকা: সম্প্রতি পরপর ঘটে যাওয়া ব্যাংক লুটের ঘটনার তীব্র সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের সময় ৭২/৭৫ সালের মতো আবারও ব্যাংক লুট শুরু হয়েছে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন। তিনি বলেন, আবার ৭২/৭৫ সালের মতো ব্যাংক লুট শুরু হয়েছে। একের পর এক সুড়ঙ্গ কেটে সরকারি ব্যাংকের কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা।
এসময় বিএনপির ৫ নেতার জামিন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এছাড়া উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনই মস্ত বাধা বলে অভিযোগ করেন রিজভী। এসময় তিনি হলকমার্ক কেলেঙ্কারি ও ডেসটিনি প্রসঙ্গও তুলে ধরেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বগুড়ার আদমদীঘিতে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের প্রায় ৩২ লাখ টাকা লুট করা হয়। এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে প্রায় ৩০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের জামিন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচন কমিশনের অধীনে ২ দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তোলেন তিনি।
রিজভী বলেন, ইসির অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। বিভিন্ন জায়গায় ভোট কারচুপির অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া য়ায়নি।