সিসি নিউজ: প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাতিল হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ২৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রার্থীদের নামে নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রার্থীদেরকে জানানো হবে।
জেলাগুলো হলো, ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের নামে নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানানো হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সালের সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ১২ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তদন্তে সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মিসিসিপি’ সেটের প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় ওই ১৭ জেলার পরীক্ষা বাতিল করা হয়।
ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জে ‘হুয়াংহু’ সেটে পরীক্ষা হয়েছিল। আর ‘মিসিসিপি’ সেটে পরীক্ষা হয় সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে।