পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কের বার্নীরঘাট নামক স্থান থেকে গুলিবিদ্ধ যুবককের লাশের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম নজু (৩৫)। তার বাড়ি রংপুর বাসটার্মিনাল সংলগ্ন সুলতানপুর গ্রামে। সে একজন আলু ব্যবসায়ী বলে জানিয়েছে নিহতের পরিবার।
পার্বতীপুর থানা পুলিশ জানায়, সোমবার রাতে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের বার্নীরঘাট ইটভাটা সংলগ্ন চিরাতী ব্রীজের কাছ থেকে আলু ব্যবসায়ী ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের হাত-পা বাধার চিহ্ন রয়েছে। পুলিশ ধারনা করছে যুবককে হাত-পা বেধেই হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী মনিরা বেগম লাশ দেখে তার স্বামীর লাশ বলে চিহ্নিত করেছে। মনিরা জানায়, গত ২৪ ফেব্রুয়ারী বদরগঞ্জের বিষ্ণুপুর গ্রামের জনৈক মোস্তাক, মুসফিক ও সামাদ নামের ব্যবসায়ীরা আলু কেনার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং ওইদিন থেকে আমার স্বামীর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।