রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মিয়াপাড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে শফিকুল ইসলাম ওরফে কালু (৩৫) নামের বাংলাদেশী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । নিহত ব্যক্তি সীমান্ত ঘেষা মিয়াপাড়া গ্রামের মৃত তুলা শেখের পুত্র বলে জানা গেছে। পুলিশের সুরত হাল রির্পোটে জানা গেছে, দুবৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার পর লাশ সীমান্ত ঘেষা নো-ম্যানস লান্ডে পুতে রাখে। মঙ্গলবার সকাল ১১টায় প্রথমে রাজিবপুর থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বালিয়ামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপস্থিত না হওয়ায় বেলা সাড়ে ৪টার দিকে লাশ উদ্ধার করা হয় ।
বিকাল ৫ টার দিকে রাজিবপুর থানা পুলিশ ও ভারতের কালাই চর থানা পুলিশ এর মাধ্যমে বিএসএফ ও বিজিবির উপস্থিতে লাশ হস্তান্তর করার কথা থাকলেও আইনের জটিলতার কারনে রাজিবপুর থানা পুলিশ লাশ গ্রহন করেনি ।ফলে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ লাশটি ময়না তদন্তের জন্য ভারতে নিয়ে গেছে ।
পুলিশ ও গ্রামবাসিরা জানান, শুক্রবার সন্ধা রাতে শফিকুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজিও করা হয়েছে। তার কোনো খোঁজ না পেয়ে রাজিবপুর থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছে।
নিখোঁজ হওয়ার ৫দিন পর আজ সকাল ৯টার দিকে মিয়াপাড়া সীমান্ত ঘেষা আন্তর্জাতিক মেইন পিলার ১০৭২ ও ১০৭৩ এর মাঝে নো-ম্যানস ল্যান্ডে ওই লাশের খোঁজ পায় সীমান্তবাসি। এ ব্যাপারে বালিয়ামারী বিওপি কমান্ডার হাবিলদার ফরহাদ জানান,বিএসএফ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ময়না তদন্ত শেষে আমাদের পত্র দিলে আমরা পুলিশের সহযোগিতায় লাশের পরিবারকে ফেরত দিব।