সিসি ডেস্ক: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপির জয়ের রেকর্ড থাকলেও আন্দোলনের ব্যাপারে এখন তারা গর্জন সর্বস্ব দল।
তিনি বলেন, বিগত দিনে তাদের মুখে আন্দোলনের অনেক কথা শোনা গেলেও তারা আন্দোলনের যে কথা বলছেন, আসলে তা আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া আর কিছু নয়, যত গর্জে তত বর্ষে না।
ওবায়দুল কাদের আজ শুক্রবার সাভারে বিরুলিয়া-মিরপুুর বেড়িবাঁধে নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পর যারা গত ৫ বছরেও আন্দোলনের ঢেউ তুলতে পারেনি উপজেলা নির্বাচনে পর তাদের মুখে আন্দোলনের হুঙ্কার নামান্তর মাত্র। তাদের পুরো আন্দোলনজুড়েই রাজধানী ঢাকা ছিল সম্পূর্ণ ফাঁকা।
এ সময় সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, মীরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্ল্যা ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী এ সময় সেতুর নির্মাণকাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
যোগাযোগমন্ত্রী এ সময় বেড়িবাধ দিয়ে চলাচলরত বেশ কিছু গাড়ি থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করেন এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই চালককে জরিমানা করেন। সূত্র : বাসস।