ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রক্ষমতায় থাকতে আর কোনো পাটকল বিক্রি নয় বরং দেশের সকল পাটকল চালু করা হচ্ছে। শিগগিরই রাজশাহী পাটকলের দ্বিতীয় ইউনিট চালু করা হবে। রবিবার রাজশাহী পাটকলের বোর্ড সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এসব কথা বলেন।
ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, বিগত জোট সরকারের সময় দেশের কিছু পাটকল বিক্রি করে দেয়া হয়েছে এবং রাজশাহী পাটকলও বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু মেহনতী মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে পুনরায় এ পাটকলটি চালু করা হয়েছে। এছাড়াও এ পাটকলের দ্বিতীয় ইউনিট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এখানে ২০৬টি তাঁত ও মিলিং মেশিন স্থাপন করা হচ্ছে। এতে ১২০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।