ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের আব্দুল্লার বাজার এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জাহেদুল হক(৩০) উপজেলার মধ্য কাশিপুর এলাকার হুজুর আলীর ছেলে। মটরসাইকেলের অপর আরোহী আহত সাদ্দাম হোসেন একই এলাকার আক্কাছ আলীর ছেলে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ঘাতক ড্রাইভারসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, নাগেশ্বরী থেকে মাহিমা অটো রাইচ মিল ঢাকার একটি ট্রাক (মেট্রো- ট- ১৪-৭৮১৪)নাগেশ্বরী থেকে ফুলবাড়ী আসার পথে বিপরীত দিক থেকে আসা দুই আরোহীসহ একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত সাদ্দাম হোসেনকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ড্রাইভার আইযুব আলী রংপুর শহরের নুরপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে এবং আটক ড্রাইভারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।