কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় বাজারের রাস্তায় ব্যারিকেড দিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ব্যবসায়ীরা। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম কনফেকশনারী নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জোহরা। এ খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসেন।
ম্যাজিস্ট্রেট আরিফা জোহরা গাড়িতে উঠে চলে যাওয়ার সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই অবস্থা চলে। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার হোসেন আজাদ এসে জরিমানার অর্ধেক ১০ হাজার টাকা ফেরত দেন। এতে পরিস্থিতি শান্ত হয়।