দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উথরাইল মেলার ডাককে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতাউর রহমান ও সভাপতির শিবলি সাদিক এমপির গ্রুপের সমর্থকদের সাথে এই সংর্ঘষের ঘটনা ঘটে। অপরদিকে বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ দুগ্রুপের সংঘর্ষে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি আহত হয়েছে। আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল সাইদ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে উথরাইল মেলার ডাককে কেন্দ্র করে সংর্ঘষের সুত্রপাত ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে এমপি শিবলি সাদিক ও সাধারন সম্পাদক আতাউর রহমান গ্রুপের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছে। আহতদেরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। কাজী নজরুল ইসলাম হলের সভাপতি রাকিব আহমেদকে পিটিয়ে আহত করেছে কলেজ শাখার সাধারন সম্পাদক আজমাইন কবির আশিক গ্রুপের সদস্যরা। আহত ছাত্রলীগ হল সভাপতিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।