ঢাকা : দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিওমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো। এর মধ্য দিয়ে অঞ্চলটির ১১ দেশের মধ্যে বাংলাদেশও পোলিওমুক্ত দেশের তালিকায় উঠল।
ভারতের রাজধানী দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিওমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারাই এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি গণমাধ্যমকে।
প্রসঙ্গত, গেল তিন বছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় কেউ পোলিও রোগে আক্রান্তের খবর পাওয়া যায়নি। কোনো অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই অঞ্চলকে তিন বছর পর্যবেক্ষণ করে। এই সময়ের মধ্যে একজন মানুষও আক্রান্ত না হলে পোলিওমুক্ত ঘোষণা করা হয় ওই অঞ্চলকে। এই হিসেবে ২০১১ সালেই দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিও মুক্ত ঘোষণা করা কথা ছিল। কিন্তু সে বছর জানুয়ারিতে (২০১১) ভারতে নতুন একজন পোলিও রোগী শনাক্ত হয়। ফলে তিন বছর বিলম্বে মিলল এই স্বীকৃতি।