টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজমকে (৪২) গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে শহরের সাবালিয়ার বিল ঘারিন্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম আজম বিল ঘারিন্দা গ্রামের আফাজ উদ্দিন মাস্টারের ছেলে। নিহতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শী জান্নাতুল ফাতেমা জানান, বিকেলে তার স্বামী তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল। এ সময় তিনটি মোটর সাইকেল যোগে ৫ জন যুবক এসে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুরে। এ সময় গোলাম আজম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপাতে থাকে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। পরে ঢাকা নেয়ার পথে মির্জাপুরে পৌছালে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই আশরাফুল জানান, তার শরীরে ৫টি গুলি ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।