তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার দেয়াল ধসে মাটির নিচে চাপা পড়ে ৩বছরের শিশু জাহেদা খাতুন মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার আলমপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের দিনমজুর জাহিদুল ইসলাম তার মাটির ঘরের চালা ঠিক করছিলেন। পাশেই খেলা করছিলেন শিশু জাহেদা খাতুন। হঠাৎ মাটির দেয়াল ধসে শিশুটির গায়ে পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে শিশুটি মারা যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।