ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের যুব সম্প্রদায়ের উচিত, চিরদিন শেখ হাসিনাকে ভোট দেওয়া। কারণ তাদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের অভিযাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, তথ্য প্রযুক্তির কারণে আজ বাংলাদেশের মানুষের জীবন অনেক সহজ হয়ে গেছে। এ অবদান শেখ হাসিনার। বাংলাদেশ ডিজিটাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভেতর প্রবেশ করেছে একমাত্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছে যা আমাদের নির্বাচনী ইশতেহারেই ছিল। কিন্তু তা নিয়ে অনেকেই ঠাট্টা করেছেন।
তিনি বই সম্পর্কে বলেন, ডিজিটাল বাংলাদেশ কিভাবে এগুচ্ছে তার প্রমাণ এই বই। এ জন্য তিনি বইয়ের লেখককে ধন্যবাদ জানান।
ডিজিটাল বাংলাদেশের তিনটি পর্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমরা ডিজিটাল বাংলাদেশের ‘মন জয়’ পর্বে আছি। কারণ শেখ হাসিনাকে আমলাদের মন জয় করতে হচ্ছে। সাধারণ মানুষের মন জয় করতে হচ্ছে। নতুন প্রজন্মের মন জয় করতে হচ্ছে। এরপর আসবে উত্থানপর্ব, যা চলবে ২০২১ সাল পর্যন্ত। তারপর অগ্রযাত্রা পর্বে আমরা উন্নত বিশ্বের মত এগুতেই থাকবো, এগুতেই থাকব।’
তিনি বলেন, যদি কেউ কম্পিউটার চালাতে না পারেন তাহলে আগামী দিনে সরকারি চাকরি পাবেন না এবং বিদেশে যেতে পারবেন না। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, বইয়ের লেখক অজিত কুমার সরকার প্রমুখ।