ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামে মৃত জাহের উদ্দিনের পুত্র মোঃ ঘেতু শেখ (৩৮) সোমবার সকালে পারিবারিক কোন্দলের কারণে গলায় দড়ি দিয়ে নিজ বাড়ীতে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। অপর দিকে ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে শ্রী মনোজ কুমার সাহার শিব ওয়েল তেলের মিলের দোকানের কর্মচারী শ্রী পরিতোষ চন্দ্র রায় (২০) গত রবিবার গভীর রাত্রীতে নিজ দোকানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে নিহত ব্যক্তি পার্বতীপুর উপজেলার চকবোয়ালিয়া গ্রামের নিখিল চন্দ্রের পুত্র শ্রী পরিতোষ। তিনি দীর্ঘ ৩ বৎসর ধরে ফুলবাড়ী উপজেলার শিব সাহার পুত্র মনোজ কুমার সাহার তেলের মিলে চাকুরী করতেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম খান সকাল ৭টায় খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনেন। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় নানারকম জল্পনা কল্পনা চলছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়ে দিয়েছে।
এ ব্যাপারে থানার এস আই শাহ্ আলম জানান, পোষ্ট মর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারবো না।