সিসি নিউজ: বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির প্রধান বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদির কাছে খালেদা জিয়ার একটি অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানিয়েছেন। এদিকে আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তারা মনে করেন ভারতে গণতন্ত্রের বিজয় হয়েছে। এ সময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়ায় বিজেপিকে অভিনন্দন ও স্বাগত জানান তিনি। বিজেপির উদ্দেশে তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে আশা করব, দুদেশের মধ্যে বিবদমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো ভারতের নতুন সরকার সঠিকভাবে অনুধাবন করবে। বাংলাদেশের মানুষের মনের কথা বোঝার চেষ্টা করবে। তিস্তার ন্যায্য হিস্যা ও সীমান্তহত্যা বন্ধে এগিয়ে আসবে।