চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে শামসুল আলম (৪০) নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার পূর্ব পুঁইছড়ি বাজারের মিয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাঁশখালী উপজেলা সদরে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান গ্রুপ সমাবেশ করে। সমাবেশে পূঁইছড়ি এলাকার বিবাদমান মিন্টু গ্রুপ ও পুতু মেম্বার গ্রুপ যোগ দেয়। সন্ধ্যায় সমাবেশ থেকে এলাকায় ফিরে পুতু মেম্বার গ্রুপ প্রকাশ্যে অস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন করে। মিয়া মার্কেট এলাকায় ছিলেন মিন্টু গ্রুপের নেতাকর্মীরা। এ সময় পুতু গ্রুপের সন্ত্রাসীরা কাছ থেকে শামসুল আলমকে গুলি করলে ঘটনাস্থলে তিনি মারা যান।
বাঁশখালী থানার এসআই আল-আমিন জানান, এলাকার বিরোধ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধের কারণে এক পক্ষ অপর পক্ষকে গুলি করলে একজন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।
অপরদিকে বাঁশখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান নিহত শামসুল আলমকে জামায়াতকর্মী দাবি করে বলেন, শামসুল আলম পূঁইছড়ি ইউনিয়ন জামায়াতকর্মী। রাতে স্থানীয় বাজারে অবস্থানকালে আওয়ামী লীগের সুলতান গ্রুপের সন্ত্রাসী শওকত ওসমান প্রকাশ্যে গুলি করে শামসুল আলমকে হত্যা করেছে।