গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার দুমদিয়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, হুরিয়া বেগম (৬৫), আমিনুল সরদার (১৪), তামিম ফকির (৭)ও তমিমা আকতার (৫)।
নিহত হুরিয়া বেগমের মেয়ে শরীফা বেগম অভিযোগ করেন, তার স্বামী আজাদ আরেকটি বিয়ে করে ঢাকায় থাকেন। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় বিবাদও হয়েছে। এর জের ধরেই স্বামী আজাদ মোল্লা তার মায়ের ঘরে আগুন দিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত রনি আকতারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।