বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মটর সাইকেল চোর সিন্ডিকেটের কবীর হোসেন (৩৫) নামে এক সদস্যকে আটক করেছে পুলিশ । গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেছে। বদরগঞ্জ থানায় তার নামে মটরসাইকেল ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। তার বাড়ী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে। সে উপজেলা জামায়াতে ইসলামের উপদেষ্টা ও বদরগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জমসেদ আলীর ছেলে। গতকাল থানা পুলিশ গ্রেপ্তারকৃত কবীর হোসেনকে রংপুর জেল হাজতে প্রেরন করেছেন।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, ওসমানপুর গ্রামের কবীর হোসেন ও তার সহযোগিরা বদরগঞ্জ পৌরশহরসহ উপজেলার বিভিন্ন সড়ক ও বাসাবাড়ীতে দীর্ঘদিন থেকে মটর সাইকেল চুরি ছিনতাই সংঘটিত করে আসছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় কবীর হোসেনের নামে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। ওই চুরি সিন্ডিকেটের সদস্য কবীর হোসেন ও তার সহযোগিরা দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। গত শনিবার (২৪মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কবীর হোসেনকে নিজ বাড়ী হতে গ্রেপ্তার করেন। গতকাল রোববার আটককৃত কবীর হোসেনকে বদরগঞ্জ থানা পুলিশ রংপুর জেল হাজতে প্রেরন করেছেন।
ভুক্তভোগী মাসুদ পারভেজ জানান, ২০১২ইং সালে সেপ্টেম্বর মাসে আমি উপজেলার ধুন্দাপাড়া শশুর বাড়ী থেকে পৌরশহরের আসার পথে মধ্যেই বৈরাগী রেল গুমটি নামক স্থানে পৌছা মাত্রই বেরিকেট সৃষ্টি করে, আমাকে কোপিয়ে রক্তাক্ত জখম করে ওই ছিনতাইকারীরা এবং তারা আমার মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। আমি চিকিৎসাধীন থাকায় আমার পিতা আকতারুল হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় কবীর হোসেনের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা করেন।
বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য কবির হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।