ঢাকা: বেসিক ব্যাংকের তিনটি শাখায় ঋণ বিতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের রাজধানীর দিলকুশা, গুলশান ও শান্তিনগর শাখায় ঋণ বিতরণ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার অনিয়ম ধরা পড়ায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ জানিয়েছে, ঋণ স্থগিতের বিষয়টি ব্যাংক কর্তপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ২৯ এবং ৫৪ ধারার ক্ষমতাবলে এ স্থগিতাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে চিঠিতে বলা হয়েছে, অন্য কোন শাখায় যদি এ রকম অনিয়ম ধরা পরে তাহলে সেগুলোর ক্ষেত্রেও একই ব্যাবস্থা নেয়া হবে।