কুষ্টিয়া: কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ ঘোষিত তিন চরমপন্থীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে জেলার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নিষিদ্ধ গণমুক্তি ফৌজের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: খোকসা উপজেলার গোপগ্রাম শেখপাড়ার ছাত্তার শেখের ছেলে ফারুক শেখ (৪০), একই উপজেলার হেলালপুর খালপাড়ার আফজাল উদ্দিন শেখের ছেলে শহিদুল্লাহ (৪৭) ও ফুলবাড়ীয়া গ্রামের মৃত খোকাফকিরের ছেলে বদর শেখ (৫২)।
খোকসা থানার এসআই মহসিন মিয়া বলেন, তিন চরমপন্থীকে গ্রেফতার করা হয়েছে। তবে বাহিনীর প্রধান খোকসা উপজেলার জয়ন্তি হাজরা ইউনিয়নের বদিয়ার মেম্বারকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ নিয়মিত মামলায় আরো ১৭ জনকে গ্রেফতার এবং এক কেজি গাঁজা উদ্ধার করেছে। মিরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে ১১জনকে আর ভেড়ামারা থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে একই রাতে।