সিসিনিউজ: অন্তর্কোন্দল ও সাংগঠনিক স্থবিরতায় জর্জরিত বিএনপিকে চাঙ্গা করার মিশন নিয়ে লন্ডন ছেড়ে মালয়েশিয়া গেছেন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক রহমান।
বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারেক মালয়েশিয়ায় সপ্তাহকাল অবস্থান করে পাশের দেশ সিঙ্গাপুর যাবেন। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন তিনি।
সূত্র জানান, মায়ের সাথে বৈঠক কালে তারেক রহমান আগস্টের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠন এবং অক্টোবর থেকে মধ্যবর্তী নির্বাচনের জন্য আন্দোলন শুরুর ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছবেন।
সূত্র নিশ্চিত করেন, সোমবার স্থানীয় সময় দুপুর ৩টায় স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে তারেক মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান।
সেখানে তারেককে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহিম রাজি এবং তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু।
জানা গেছে, তারেক কুয়ালালামপুরের জালান কিয়া পেং এ প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করাবেন।
বিএনপির উচ্চ পর্যায়ের এক সূত্র জানান, তারেকের মালয়েশিয়া অবস্থানকালেই খালেদা জিয়া মেডিকেল চেকআপ করতে আগামী ৭ জুন সিঙ্গাপুর সফর করবেন।
তার সাথে বৈঠক করতে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাবেন তারেক রহমান।
সূত্র জানান, দল পরিচালনা ও সরকারবিরোধী আন্দোলনের কৌশল নির্ধারণে এতদিন তারেক টেলিফোনে মা খালেদা জিয়ার সাথে আলোচনা করছিলেন।
তবে বছর শেষে মধ্যবর্তী নির্বাচন নিশ্চিত করতে দল পুনর্গঠন ও আন্দোলনের কৌশল নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে এবার সরাসরি সাক্ষাতে মায়ের সাথে কথা বলবেন তারেক।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালের ১২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান। প্রায় পাঁচ বছর পর গত বছরের ১ এপ্রিল প্রথমবারের মতো তিনি লন্ডনের বাইরে ওমরাহ পালন করতে সৌদি আরব যান।
সাম্প্রতিক মাসগুলোতে তারেক তার বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক দাবি করে বক্তব্য দেন।
এ সময় দেশের স্বাধীনতাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে তার কঠোর সমালোচনাও করেন তারেক।
তারেকের বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বাংলাদেশে তুমুল বিতর্ক হচ্ছে।