সিসিনিউজ: সদ্য সমাপ্ত প্রধানমন্ত্রীর জাপান সফরে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী সঙ্গে ছিলেন। আগামীকাল চীন সফরেও তারা দু’জনই তার সঙ্গী হচ্ছেন। জাপান সফরকালে মিয়ানমার সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বিজিবি সদস্য নির্মমভাবে নিহত হওয়াসহ চরম উত্তেজনা বিরাজ করছিল। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে গতকাল পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ঘন ঘন বিদেশ সফর, বিশেষ করে দু’জনের একসঙ্গে বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন ওঠে। এক মেয়াদে সর্বোচ্চ সংখ্যক বিদেশ সফর করে বিশ্ব রেকর্ড গড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির পথেই কি তারা হাঁটছেন? এমন প্রশ্ন রাখেন এক সিনিয়র কূটনৈতিক প্রতিবেদক। চটজলদি জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বলেন, আগের মন্ত্রীর চেয়ে দ্বিগুণ সফর হলে সারপ্রাইজ হওয়ার কিছু থাকবে না। তার দাবি- দুনিয়ার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ছে। ওই যোগাযোগ রক্ষা ও দেশের প্রয়োজনেই তারা ঘন ঘন বিদেশ সফর করছেন। চার মাস ২৩ দিন বয়সী সরকারের ওই প্রতিমন্ত্রী এরই মধ্যে ডজন খানেক সফর সেরে ফেলছেন। তার দপ্তর সূত্র জানিয়েছে আগামী কয়েক মাসে বেশ ক’টি দেশ সফরের পরিকল্পনা রয়েছে তার। এ ইস্যুতে সরকার গঠনের প্রায় দু’মাস পরে মন্ত্রী হিসেবে শপথ নেয়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মতামত অবশ্য ভিন্ন। প্রতিমন্ত্রীর কাছ থেকে মাইক্রোফোন টেনে নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, না, না। আমরা দ্বিগুণ (আগের মন্ত্রীর চেয়ে) সফর করতে চাই না। পেশাগত দায়িত্ব (কূটনীতি) পালন করতে বিশ্বের অনেক দেশে গেছি, কাজ করেছি, ঘুরে বেড়িয়েছি। প্রয়োজন ছাড়া আমি বিদেশে যেতে চাই না। পাশে থাকা প্রতিমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, তিনি একাই মিয়ানমার (বিমসটেক সামিটে) গেছেন, আমি যাইনি। বিদেশ সফরে আমার রেকর্ড করার কোন ইচ্ছা নেই। তবে দেশের স্বার্থে যখন যেখানে দরকার অবশ্যই যাবো। এর বাইরে অযথা কোন সফর করবো না। মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশ সফর নিয়ে প্রশ্নোত্তরকালে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কয়েক মিনিটের জন্য হাসির রোল পড়ে যায়।
চীন সফরে ব্যবসায়ীসহ ১৩০ সফরসঙ্গী: সংবাদ সম্মেলনের সূচনা বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা আগামী ৬-১১ই জুন চীন সফর করবেন। তার সঙ্গে ৭০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল খুনমিং ও বেইজিং সফরে যাচ্ছে। প্রতিনিধিদলের তালিকা গতকাল দুপুর পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে দাবি করেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র দপ্তর সূত্র মতে, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং সচিব পদমর্যাদার ১০ জন কর্মকর্তা মিলে ৬০ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন। জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগিতে মনোয়ন বঞ্চিত চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি সস্ত্রীক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। মোট ১৩০ সফরসঙ্গীদের মধ্যে ব্যবসায়ীরা নিজ নিজ খরচে সফর করবেন। বাকিদের ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করা হবে। তবে চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমমন্ত্রী ও তার পরিবারের সদস্যসহ ১০ সফরসঙ্গীকে লোকাল হসপিটালিটি দিচ্ছেন বলে জানা গেছে।
চার বিলিয়ন ডলারের ৬ প্রকল্প নিয়ে আলোচনা হবে: প্রধানমন্ত্রীর চীন সফরে প্রায় ৪ বিলিয়ন ডলারের ৬টি প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ইউনিয়ন পর্যায়ের সব সরকারি অফিসকে তথ্য-প্রযুক্তির আওতায় নিয়ে আসতে সরকার গৃহীত ইনফো-সরকার ফেজ-৩ প্রকল্প, রাজশাহীতে পানি শোধনাগার নির্মাণ, কর্ণফুলী নদীর নিচ দিয়ে বহুলেন বিশিষ্ট টানেল নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে দ্বিতীয় রেলসেতু নির্মাণ ও চট্টগ্রাম-রামু-কক্সবাজার এবং রামু-গুনদুম ব্রডগেজ রেললাইন নির্মাণ। মন্ত্রী জানান, এ সফরে প্রতিরক্ষা সংক্রান্ত কোন বিষয়ে আলোচনা হবে না। তবে চীন সরকারের সহায়তায় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সুনির্দিষ্টভাবে ক’টি বিষয়ে চুক্তি বা সমঝোতা হবে তা না জানালেও পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতিপয় বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেইজিং সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী চীনের দক্ষিণাঞ্চলের ইউননান প্রদেশের খুনমিংয়ে দ্বিতীয় চায়না-সাউথ এশিয়া এক্সপো’র উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তৃতা করবেন। সেখানে দেশটির ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। দ্বিপক্ষীয় সফরকালে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, চীনের সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হবে। প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্ক কিংবা সামপ্রতিক সীমান্ত উত্তেজনার বিষয়ে চীনের সঙ্গে আলোচনার কোন চিন্তা বা ইচ্ছা তাদের নেই। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো, শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানবজমিন