ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়গর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ এনে মহাসড়কে নেমে বিক্ষোভ করেছে জেলার-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউল হক মৃধা ও তার সমর্থকরা।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউল হক মৃধার নেতৃত্বে কয়েকশ’ সমর্থক মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
এসময় সংসদ সদস্য ও তার সমর্থকরা সদরের কুট্টাপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইল পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে জেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি রহমত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সড়াইল- আশুগঞ্জ) এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক জিয়াউল হক লাভলু, তরুণ পার্টির আহ্বায়ক মো. কাজল, ছাত্র সমাজের সভাপতি উজ্জল, আশুগঞ্জ ছাত্র সমাজের সভাপতি হবিবুর রহমান স্বপন। সভা পরিচালনা করেন মুজিব বক্স সড়াইল ছাত্র সমাজের সাধারণ সম্পাদক।