সিসিনিউজ: কলেজে যাওয়ার পথে ছাত্রীর কপালে জোর করেই সিঁদুর পরিয়ে দিয়েছে এক বখাটে। ক্ষোভে-দুঃখে-অভিমানে ছাত্রীটি এখন গৃহবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার মূলগ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার মূল হোতা শুম্ভু মালী (২০) উপজেলার মূলগ্রামের মন্টু মালীর ছেলে ও পেশায় একজন কাঠ মিস্ত্রী। ওই ছাত্রী চাটমোহরের বয়েন উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে কলেজে যাচ্ছিল ওই ছাত্রী। পথিমধ্যে নেউতিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পথরোধ করে বখাটে শুম্ভু মালী। এরপর জোর করে ওই ছাত্রীর সিঁদুরে পরিয়ে দেয়।
ঘটনায় আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ওই ছাত্রী। এরপর চিৎকার দিয়ে ওঠলে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় শুম্ভু মালী। সিঁদুরে ছাত্রীর মাথা ও মুখমণ্ডল লাল হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সে বাড়িতে পৌঁছে বিষয়টি অভিভাকদের জানিয়ে দিলে থানায় অভিযোগ দেয়া হয়।
ছাত্রীর বাবা সুভাস সূত্রধর অভিযোগ করেন, বেশ কিছুদিন থেকে বখাটে শুম্ভু তার মেয়েকে কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। শুম্ভু মালীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ছাত্রীর পরিবারের সদস্যরা আরো জানায়, জোর করে কপালে সিঁদুর পরে দেয়ার ঘটনায় ভেঙে পড়েছে ওই ছাত্রী। লজ্জায় ঘর থেকে বাইরে বের হচ্ছে না।
চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে বখাটে শুম্ভু পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। উৎসঃ বাংলামেইল