অর্থ-বানিজ্য ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের চেয়ারপারসন তাকিহিকো নাকাও শনিবার ঢাকায় আসছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে রাত সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
এডিবি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে প্রথমবারের মতো সফরে আসছেন নাকাও। বাংলাদেশের উন্নয়ন ও লক্ষ্য অর্জনের জন্য এডিবিকে কিভাবে আরো সম্পৃক্ত করা যায় সেই লক্ষ্যেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং একইদিন সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করবেন নাকাও।
বাংলাদেশের কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, পরিবহন, আইসিটি ও পানি সরবরাহ খাতসহ গুরুত্বপূর্ণ খাতে এডিবি অর্থায়ন করে আসছে। এডিবি’র সাহায্যপুষ্ট কিছু প্রকল্পও তাকিহিকো নাকাও পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা গোবিন্দবার জানান, শনিবার রাত সাড়ে ১০টায় এডিবি প্রেসিডেন্ট ঢাকায় আসবেন। এটাই তার প্রথম ঢাকা সফর।
১৫ ও ১৬ জুন গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি ১৭ জুন শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।