ঢাকা: মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে বিহারিরা। রোববার সকাল ১১টার দিকে বিহারি ক্যাম্পের সামনে কালশী নতুন রাস্তা দখল করে সেখানে বসে পড়েন তারা। ঘটনাস্থলে পুলিশ সাজোয়াযান নিয়ে অবস্থান করছে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করে বিুব্ধরা। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
এদিকে কালশীর ঘটনায় রোববার সাতজনের নাম উল্লেখ করে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। সাধারণ জনগণ বাদি হয়ে চারটি মামলা করেছে। হত্যা, ভাঙচুর, বিশেষ ক্ষমতা আইন, অগ্নি সংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মুনিরা।
শনিবার সকালে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে কালশী এলাকায় এলাকাবাসী-পুলিশ-বিহারিদের সংঘর্ষ হয়। এতে আগুনে পুড়ে ও গুলিতে শিশুসহ ১০ জন নিহত হয়।