আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের নতুন রাজার দায়িত্ব নিলেন বার্বোন। সম্প্রতি হুয়ান কার্লোস সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর বার্বোনের রাজা হওয়াটা ছিল সময়ের ব্যাপার।
গত বুধবার ৭৬ বছর বয়সী বিদায়ী রাজা কার্লোস উত্তরাধিকারী ছেলে বার্বোনের কাছে দায়িত্ব দিয়ে আইনে সই করেন।
মাদ্রিদের রাজকীয় প্রাসাদে ছোট্ট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজার পালাবদল সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ও ওই আইনে সই করেন। নতুন রাজা ‘ষষ্ঠ ফেলিপ’ হিসেবে রাজত্ব পরিচালনা করবেন।
গতকাল বৃহস্পতিবার দেশটির সংসদ অধিবেশন শুরুর আগে নি¤œকক্ষ ও সিনেটের প্রায় ৭০০ প্রতিনিধি, মন্ত্রিসভা এবং শতাধিক বিশেষ অতিথির উপস্থিতিতে তাকে রাজা ঘোষণা করা হয়। আর এর পরই ৪৬ বছর বয়সী বার্বোন (ষষ্ঠ ফেলিপ) রাজা হিসেবে তার প্রথম ভাষণ দেন।
রাজা ষষ্ঠ ফেলিপ ও রানি লেতিজিয়ার বড় মেয়ে লেওনোর সিংহাসনের উত্তরাধিকারী হবেন।
হুয়ান কার্লোস ১৯৭৫ সালের ২২ নভেম্বর সিংহাসনে আরোহণ করেছিলেন। ৪০ বছর দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি সিংহাসন ত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
৭৬ বছর বয়সী হুয়ান কার্লোস একসময় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সত্তরের দশকে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র অবসানের পর তিনি স্পেনকে সহজ প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।
কয়েক বছরের মধ্যে কার্লোসের দেহে বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়। আর এসব কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এ কারণেও তিনি সিংহাসন ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।