খেলাধুলা ডেস্ক: টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো কোস্টারিকা।
উরুগুয়েকে প্রথম ম্যাচে হারানোর পর শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে ইতালিকে এক গোলে হারিয়েছে কোস্টারিকা। ৪৪ বছর পর শেষ ১৬ তে জায়গা করে নিয়েছে তারা।
কোস্টারিকার এই জয়ের রাতেই ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডের। ইতালি হেরে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল এক সময়ের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছিল ইংল্যান্ড। পরের ম্যাচে এক সুয়ারেজের কাছেই হেরে যায় রুনি-জেরার্ডরা।
নকআউট পর্বে যাওয়ার আশায় শুক্রবারের ইতালি ও কোস্টারিকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল তারা। ম্যাচ ড্র কিংবা ইতালির জয়ের আশায় ছিল ১৯৬৬-এর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেটা হলে নকআউট পর্বে যাওয়ার আশা কিছুটা হলেও বেঁচে থাকতো।
কিন্তু কিছুই হলো না। অঘটনের জন্ম দেওয়া কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরতে হবে তাদের।
কোস্টারিকার বিপক্ষে হেরে অস্বস্তিতে পড়েছে ইতালি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির প্রতিপক্ষ দুর্বার উরুগুয়ে। শেষ ম্যাচে উরুগুয়ে অথবা ইতালি যে জয় পাবে, তার নকআউট পর্বের টিকেট নিশ্চিত হবে।