আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে করিডোর দিলে বাংলাদেশের সঙ্গে স্থল ও তিস্তা চুক্তি করবে নরেন্দ্র মোদি সরকার। ভারতীয় প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে স্থল এবং তিস্তা চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের কাছে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আর ভারতের নতুন বিজেপি সরকার এ প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল।
দুই দেশের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি করতে আগ্রহী মোদি সরকার। ইতিমধ্যেই চুক্তি দুটির অতীত ইতিহাস পর্যালোচনা এবং নতুন করে প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।
নতুন বিজেপি সরকারের যুক্তি, ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা আরও সহজ হবে। ফলে দুই দেশেরই সুদিন আসবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তায় পানি প্রবাহ বেশি রাখতে ইতিমধ্যেই সিকিমের রাজ্য সরকারের সম্মতি নিয়েছেন। এখন ভাবছেন পশ্চিমবঙ্গকে নিয়ে। সেক্ষেত্রে বিশেষ অর্থনৈতিক প্যাকেজ অফার করে মমতাকে রাজি করাতে শিগগিরই কলকাতায় দূত পাঠাবেন মোদি।
তবে বাংলাদেশের সঙ্গে চুক্তি দুটি করতে ভারত বাংলাদেশের কাছে উন্মুক্ত তেতুলিয়া করিডোর চাইবে। বাংলাদেশ ভারতকে করিডোর দিলে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগ সহজ হবে। দুই দেশের আমদানি-রফতানির পথও খুলে যাবে। শীর্ষ নিউজ