কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে বিদেশে লোক পাঠানোর নামে আব্দুল জব্বারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিলেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আদম ব্যবসায়ী আব্দুল জব্বার উপজেলা রসুলপুর ইউনিয়নের সুন্দরবন গ্রামের বরকত আলীর পুত্র।
অভিযোগ রয়েছে বিদেশে লোক পাঠানোর নাম করে একই গ্রামের মোঃ রশিদুল ইসলামের নিকট হতে ৩ লাখ ৩০ হাজার, সিংগাড়িগাঁও গ্রামের আতাউর রহমানের নিকট থেকে ৪ লাখ ১০ হাজার এবং চন্ডিপুর গ্রামের আব্দুল মান্নানের নিকট থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পরই ওই আদম ব্যবসায়ী গাঢাকা দিয়েছে। দীর্ঘদিনে ওই আদম ব্যপারী বিদেশে লোক পাঠাতে না পারায় প্রতারিত লোকজন তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করেছে বলে থানায় একটি অভিযোগ করেছে প্রতারিতরা। সেই মামলার প্রেক্ষিতে কাহারোল থানা পুলিশ আব্দুল জব্বারকে শনিবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
একটি সূত্র জানায়, জব্বারের গ্রুপের লোকজন প্রতারিত ও অভিযোগকারীদের নানা ধরনের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
বীর মুক্তিযোদ্ধা সচিন চন্দ্র রায়ের রাষ্ট্রীয় মর্যায় শেষকৃত সম্পন্ন
কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সচিন চন্দ্র রায়ের মৃত্যুবরণ করেছেন। সচিন চন্দ্র রায় (৭০) দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত কারনে নানা রোগে ভুগছিলেন। তিনি সোমবার তার নিজ বাসভবনে পরলোকগমন করেন। তার মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও কাহারোল থানা পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা সচিন চন্দ্র রায়কে রামচন্দ্রপুর মহা শশ্মান ঘাটে তার শেষকৃত কায্য সম্পন্ন করা হয়।