লালমনিরহাট প্রতিনিধি: বর্তমান সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তাই দেশে গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বুধবার লালমনিরহাটের পাটগ্রামে সোহাগপুর মোড়ে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, গত ৪ নভেম্বর বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে পাটগ্রাম পৌর ছাত্রদল নেতা নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছিল। অথচ ওই ঘটনায় থানা পুলিশ উল্টো বিএনপির নেতাকর্মীদেরকে মামলার আসামী করেছে। এসময় তিনি অভিযোগ করে বলেন, জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে আজ গণতন্ত্রকামী মানুষজনকে হত্যা করা হচ্ছে। এমন অবস্থা কোন সভ্য সমাজের কাম্য হতে পারেনা। তাই বিএনপি ক্ষমতায় এলে সকল হত্যা কান্ডের বিচার করা হবে।
বুধবার বিকেলে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবলা, জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান।
এর আগে তিনি গত ৪ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নাসিরের কবর জিয়ারতের পাশাপাশি নিহতের পরিবারকে নগত ৫০ হাজার টাকা সাহায্য প্রদান করেন। পরে তিনি একই উপজেলার বাউড়া এলাকায় গত ৪ জানুয়ারি আ‘লীগ বিএনপি সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দলের নেতা মোবারক ও ফারুকের কবর জিয়ারত করেন। সেখানে নিহতের স্বজনদের হাতে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা সাহায্য প্রদানের পাশাপাশি দুটি গবাদি পশু তুলে দেন তিনি।