ঢাকা: কুর্মিটোলা ক্যাম্পে হামলা ও ১০ জনকে হত্যার ঘটনায় আতঙ্ক কাটেনি বিহারিদের। ঘটনার পর থেকে সরকারদলীয় সংসদ সদস্য ও যুবলীগের সন্ত্রাসীদের দায়ী করে বিচার দাবি করেন তারা। কিন্তু তাদেরকে কোন মামলা করতে দেয়া হয়নি। উল্টো তাদের বিরুদ্ধে সাজানো মামলা করে হয়রানি করা হয়। এখন চলছে ক্ষতিগ্রস্ত বিহারিদের সঙ্গে সমঝোতার চেষ্টা। এ সংক্রান্ত খবর প্রকাশের পর নির্যাতিত বিহারিদের হুমকি-ধমকি দিচ্ছে সন্ত্রাসীরা। সবকিছু মিলিয়ে আতঙ্কিত নিহতদের স্বজনরা। এই হত্যাকাণ্ডের ১১ দিন অতিবাহিত হলেও হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সাহস পাচ্ছেন না তারা।
হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে কুর্মিটোলা ক্যাম্পে হামলাকারীদের অগ্নিসংযোগে নিহত ৯ জনের পরিবারের কর্তা ইয়াসিন আলী জানান, এ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। বলেন, আমি দেশবাসীর কাছে আর আল্লাহর কাছে বিচার দিয়েছি। দেশবাসী এর বিচার করুক। আমি নিরীহ মানুষ। আমি কার কাছে বিচার চাইবো! আমি আমার মেয়েটাকে নিয়ে এখন ব্যস্ত আছি। ক্যাম্পবাসীরা ইতিমধ্যে তাদের আতঙ্কের কথা আইনশৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদের সঙ্গে দেখা করে ক্যাম্পের বাসিন্দারা তাদের আতঙ্কের কথা জানান। ডিএমপি কমিশনার বেনজির আহমেদ তাদের আশ্বস্ত করেন যে তাদের নিরাপত্তার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে। এমনকি হামলাকারীদের আসামি করে হত্যা মামলা করতে চাইলে তা রেকর্ড করা হবে বলে জানান তিনি। এ সময় নিহত ৯ জনের পরিবারের সদস্য ইয়াসিন আলী ও নিহত আজাদের স্ত্রী সুলতানা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস