নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মাড়ি ব্রিজের পাশে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সামাদ (৩৮)। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ নাটোরের সিংড়া উপজেলার পরাণপুর গ্রামের জেহের আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-২২১১) আইড়মারি এলাকায় বিকল হয়ে যায়। এসময় ড্রাইভার আব্দুস সালাম ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী পাথর বোঝাই অপর একটি ট্রাক (চট্ট মেট্রো ট ০২-০৬৬৮) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।