আন্তর্জাতিক ডেস্ক: নিজের সম্ভ্রমের বিনিময়ে নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের ফেরত চাইলেন দেশটির বিখ্যাত পপ গায়িকা আদোকিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে এরকমই জানিয়েছেন তিনি।
২৩ বছর বয়সী এই পপ গায়িকা নিজে জাতিসংঘের শান্তি কমিটির একজন শুভেচ্ছা দূত। কয়েক মাস আগে অপহৃত ২৭৬ জন ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন মহল ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।
নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যম ভ্যানগার্ডকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, ‘এখন রাত ১১টা বাজে এবং আপনি কি জানেন আমি কি নিয়ে ভাবছি। সেই বাচ্চারা কোথায় আছে এবং কিভাবে আছে তা আমাকে ভাবায়। এটা পুরোপুরি অনৈতিক। তারা খুবই বাচ্চা। তারা যদি তাদের বিনিময়ে আমাকে নিয়ে যেত তাহলে ভালো হতো।’
জাতিসংঘের এই শান্তি দূত আরও জানান, ‘ঈশ্বরের দোহাই দিয়ে বলছি তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। আমার অনেক বয়স এবং অভিজ্ঞ। এমনকি তাদের ১০ থেকে ১২ জন প্রতিরাতে আমাকে ভোগ করতে পারবে। আমি এগুলো নিয়ে ভাবিত নই। শুধুমাত্র তাদের মুক্তি করে দেয়া হোক যাতে তারা তাদের বাবা-মার কাছে ফিরে যেতে পারে।’
গত ১৫ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্কুল থেকে শতাধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। বোরনো স্টেটের চিবক এলাকার স্কুলটিতে শেষরাতের দিকে অতর্কিতে ঢুকে হোস্টেলের মেয়েদের বন্দুকের মুখে গাড়িতে তুলে নিয়ে যায় সংগঠনটির সশস্ত্র সদস্যরা। এই ঘটনার পর নাইজেরিয়ার সরকার ব্যাপক সমালোচনায় পড়ে এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানায়। কিন্তু দেশটির নিজস্ব তৎপরতা এবং বিদেশি হস্তক্ষেপের মাধ্যমেও অপহৃত ছাত্রীদের উদ্ধার করা যায়নি।