ঢাকা: নারায়ণগঞ্জের উপ-নির্বাচনের ভেতর দিয়ে বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নেতারা।
রোববার মুক্তিভবনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি-বাসদের এক যৌথ সভায় নেতারা এ কথা বলেন। পাশাপাশি কালো টাকা, সন্ত্রাস, পেশিশক্তির দাপটের কাছে নারায়ণগঞ্জের নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
নেতারা অভিযোগ করে বলেন, ‘সরকার সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এসএম আকরাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট ১২টি অভিযোগ করলেও, নির্বাচন কমিশন কেবল ১টি অভিযোগকেই বিবেচনায় নিয়েছে।’
নির্বাচনে বিজয়ী প্রার্থীর কর্মীদের বুথ দখলের মহড়া, সূক্ষ্ম কারচুপি, জাল ভোট, ভোটাদেরদের কেন্দ্রে আসতে বাধা প্রদান, আকরামের এজেন্টদের বের করে দেয়া, সন্ত্রাসী মহড়া ইত্যাদির মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর সন্ত্রাসবিরোধী বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু প্রমুখ।