ভোলা: যৌন হয়রানির অভিযোগে ভোলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষক শ্যামল কৃষ্ণ বেপারীর বিচার দাবি করেছেন প্রশিক্ষণার্থীরা।
মঙ্গলবার দুপুরে পিটিআই কার্যালয় চত্বরের সামনের সড়কে মানববন্ধন করে করে এ দাবি জানিয়েছেন তারা।
এসময় তারা অভিযোগ করে, শ্যামল কৃষ্ণ প্রশিক্ষক হিসেবে ভোলায় যোগদানের পর থেকে প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। নারী প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানি করছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে পরীক্ষায় নম্বর কম দেয়ার ভয় দেখান।
এসব অপকর্মের কারণে শ্যামল কৃষ্ণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ারও ঘোষণা দেয়া হয়।
এ ব্যাপারে ভোলা পিটিআই সুপারিন্টেন্ডেন্ট শারমিন শবনব বাংলামেইলকে বলেন, এর আগে এক হল সুপারের সঙ্গে খারাপ আচারণ করায় শ্যামল কৃষ্ণকে শোকজ করেছিলাম। তবে প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানীর কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শ্যামল কৃষ্ণ ভোলা পিটিআইয়ের শারীরিক শিক্ষা বিষয়ের প্রশিক্ষক। তার বিরুদ্ধে জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর উত্তপ্ত হয়ে ওঠে পিটিআই ক্যাম্পাস। তাকে অপসারণসহ বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে প্রশিক্ষণার্থীরা।