ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ সমুদ্র সম্পদ। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মামলায় বাংলাদেশ ১ লাখ ১১ হাজার ৬৩১ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে। ভারতের বিরুদ্ধেও সমুদ্র বিজয়ের আশাবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সপ্তাহেই ভারতের সঙ্গে সমুদ্রসীমা সমস্যা নিষ্পত্তি মামলার রায় হবে। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের চাহিদা পূরণ করে মাছ বিদেশে রপ্তানি করে বিরাট অঙ্কের বৈদেশিক চাহিদা পূরণ করতে পারি। ‘জাল যার জলা তার’ সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তিনি বলেন, মৎস সংক্রান্ত বেশ কিছু আইন অনুমোদন করেছে সরকার। ভারতের সঙ্গে যেমন গঙ্গার পানিচুক্তি করেছি, তেমনি গড়াই খনন অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, পশুর নদী ড্রেজিং করা হচ্ছে। সুন্দরবনের ভেতরে খাসিয়া খাল ড্রেজিং করার নির্দেশ দিয়েছি। হাওর উন্নয়ন বোর্ড আমরা করেছি। মৎস সম্পদের অনুকূল পরিবেশ সৃষ্টি করে ভবিষ্যতে এ খাতকে আরও শক্তিশালী করে দেশের অর্থনীতিকে অবদান রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ নিরসনে রায়ের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। জানা গেছে, আজ বুধবার এ নিয়ে রায় দেয়ার কথা থাকলেও তা হচ্ছে না।তবে এ মাসেই নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত (পিসিএ) এ মামলার রায় দেবেন।