গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দক্ষিণ শিবরাম গ্রামে পাট জাগের নিচ থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে দক্ষিণ শিবরাম গ্রামের নিপুজা সরদারের পুত্র অধীন সরদার পাট জাগ দেখতে গিয়ে জাগের নিচে মহিলার লাশ দেখে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। বিষয়টি জানা জানি হলে একই উপজেলার রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের ভাদু শেখের পুত্র শাহ আলম ঘটনাস্থলে গিয়ে লাশটি তার মা রহিমার (৭৫) বলে সনাক্ত করেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশের ছুরতহালে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে গুম করার জন্য লাশ জাগের নিচে লুকিয়ে রাখে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।