পটুয়াখালী : নিজ স্ত্রীকে খুন, হত্যা, ডাকাতি, নিজ ভাতিজিতে ধর্ষণসহ বহু মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুর্ধর্ষ লালু ডাকাতকে গণধোলাইর পর দুটি চোখ উপড়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় লালুকে পুলিশি হেফাজতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত দুটার দিকে পটুয়াখালীর কমলাপুরের দক্ষিণ ধরান্দি গ্রামের বাসিন্দারা গণপিটুনি দিয়ে চোখ উৎপাটনের পর পুলিশে সোপর্দ করে লালুকে। সদর থানা পুলিশ লালুকে আটকের পর উদ্ধার করে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
পটুয়াখালী সদর থানার এসআই মো. মেহেদী হাসান জানান, পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি গ্রামের মজিদ সিকদারের পুত্র লালু ডাকাত পটুয়াখালী, বরগুনাসহ দক্ষিন অঞ্চলের দুর্ধর্ষ প্রকৃতির ডাকাত ছিল। নিজ স্ত্রীসহ ৬টি হত্যা মামলাসহ ধর্ষণ ও ডাকাতি মামলার পলাতক আসামী।
বিভিন্ন মামলায় লালু দীর্ঘ ১২ বছর জেল খেটে বের হয়ে আবারো ডাকাতি, হত্যা, লুট ও আপন ভাতিজিকে ধর্ষণসহ নানা অপরাধে বেপরোয়া হয়ে উঠে। বুধবার রাতে কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দী এলাকায় সে আশ্রয় নিলে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে তার দুটি চোখ উপড়ে ফেলে পুলিশে সোপর্দ করে।