খেলাধুলা ডেস্ক: কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগা রাতারাতি খলনায়ক বনে গেছেন। সারা বিশ্ব থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি নাপোলির রক্ষণভাগের এই ফুটবলার। কারণ স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপ জয়যাত্রার অন্যতম স্বপ্নসারথি নেইমারকে যে বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছেন তিনি।
শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে নেইমারের ওপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পেছন থেকে আক্রমণ চালান জুনিগা। যাতে ঘরের মাঠের বিশ্বকাপে দর্শক বনে যান বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। এই বিষয়টি নিয়ে এবার তদন্তে নামছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
যদিও জুনিগা বলছেন নেইমারকে আক্রমণ ব্যক্তিগত রোষ কিংবা ইচ্ছাকৃত কোনো কর্মকাণ্ড ছিল না, তারপরেও ফিফা বিষয়টি নিযে তদন্তে নামছে। শনিবার ফিফার মিডিয়া কমিটির চেয়ারম্যান ডেলিয়া ফিচ্যার বলেন, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি নিয়ে তদন্তে নামছ।’
ফিফার ওই কর্মকর্তা আরো জানান, ‘ওই চ্যালেঞ্জটি খুবই মারাত্মক ছিল। আমার মনে হয় ওই ট্যাকলে আলাদা কোনো ইচ্ছা ছিল। এটা নিশ্চিতভাবেই স্বাভাবিক ফুটবল ছিল না।’ প্রসঙ্গত, শুক্রবারসীয় ওই মহারণে ডেভিড লুইস ও থিয়াগো সিলভার গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। আর নাম লেখায় সেমিফাইনালে।