শাহজাহান আলী, সিসিনিউজ: রমজান মাসের সপ্তাহ না যেতেই ভেজাল ও নিম্নমানের সেমাইয়ে সয়লাব হয়ে গেছে সৈয়দপুরের বাজার। ঈদ এলেই বাজারে সেমাইয়ের চাহিদা বাড়ে এবং এ সুযোগে এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ী নিম্নমানের ময়দা, ক্ষতিকারক ভারতীয় রং, ভেজাল সোয়াবিন, পশুর চর্বি ও টেল্লু ব্যবহার করে বিভিন্ন ধরণের লাচ্ছা ও চিকন সেমাই তৈরি করে বাজারজাত করে আসছে।
শুধু ঈদকে কেন্দ্র করে শহরে গড়ে উঠেছে অনেক বেনামী সেমাই কারখানা। এসব কারখানায় ব্যাপকহারে ভেজাল সেমাই উৎপাদিত হচ্ছে। অনেক কারখানায় খোঁজ নিয়ে দেখা গেছে, নিম্নমানের ময়দা শ্রমিকরা অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পা দিয়ে খুচিয়ে খুচিয়ে সেমাইয়ের মিশ্রন তৈরি করছে। যা, জনস্বাস্থ্যের জন্য হুমকীস্বরুপ। অনেক কারখানার মালিকরা দেশের নামকরা প্রতিষ্ঠিত কোম্পানী বনফুল, আলাউদ্দিনসহ বিভিন্ন কোম্পানীর প্যাকেট ছাপিয়ে তাতে এসব নিম্নমানের সেমাই ভরে বিক্রি করছে। এসব ভেজাল ও নকল সেমাই কিনে প্রতারিত হচ্ছে জনসাধারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গোপন দফারফায় এসব অসাধূ কারবার দীর্ঘদিন থেকেই অবাধে করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে এলাকার সচেতনমহল মত পোষণ করেছেন যে, ভেজাল বিরোধী অভিযান চালানো হলেই এসব নিম্নমানের সেমাই আটক করা সম্ভব হবে, না’ হলে এলাকার সাধারণ মানুষজন এসব নিম্ন মানের সেমাই কিনে আর্থিকভাবে ক্ষতির পাশাপাশি নানারকম জটিল রোগে আক্রান্ত হবেন।