সিসি ডেস্ক : জুয়পুরহাট ও ঝিনাইদহে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি ও ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মৃত জয়িম উদ্দীনের ছেলে আলম (২৮) ও শ্রীমন্তপুর গ্রামের ফুকরী (২৭) এবং ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম।
রোববার ভোর ৪টার ভারত থেকে গরু নিয়ে হাটখোলা সীমান্ত দিয়ে দেশে আসছিলেন আলম ও ফুকরী। তারা সোনাতলা এলাকায় পৌঁছলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।
অপরদিকে বাঘাডাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী খাইরুল গরু আনার জন্য বাঘাডাঙ্গা সীমান্তে গেলে, সীমান্তের ওপারে যাওয়ার অভিযোগে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
মহেশপুরের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ইয়াকুব আলী জানান, এ বিষয়ে দুপুরে দু’দেশের পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ বাংলাদেশি খাইরুলকে আটকের ঘটনা অস্বীকার করে জানান, ভারতীয় রামনগর থানা পুলিশ তাকে ধরেছে। তাকে রামনগর থানায় রাখা হয়েছে। ভারতীয় পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেয় বিএসএফ রামনগর ক্যাম্পের কমান্ডার সপ্র শিং।