পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘হাসিনার ছেলে জন্মসূত্রে পাকিস্তানি।’
সোমবার পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ধান হাটি মাঠে এক ছাত্র গণসমাবেশে তিনি এ কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, ‘হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন যারা জিন্দাবাদ বলে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। এই সত্য উচ্চারণের জন্য আমি জয়কে ধন্যবাদ জানাই। কারণ একাত্তরে স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি সেনাদের নিরাপত্তা হেফাজতে জয়ের জন্ম।’
তিনি আরো বলেন, ‘জন্মসূত্রে জয় পাকিস্তানি নাগরিক। সুতরাং খান সেনাদের দায় শোধে তিনি বাংলাদেশিদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিতেই পারেন। কিন্তু শেখ হাসিনার ছেলে জয়ের মনে রাখা ভালো, দেশপ্রেমিক বাংলাদেশিদের ঠিকানা ঢাকা, পিন্ডি অথবা দিল্লি নয়।’
ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দিল্লির গোলামে পরিণত হবার জন্য একাত্তরে ছাত্ররা সংগ্রাম করেননি। হিন্দির আধিপত্য মেনে নেয়ার জন্য ৫২ সালে ভাষা আন্দোলন হয়নি। আকাশে শকুনের ছায়া। দেশ ধুকছে। আর একটি আজাদী সংগ্রামের জন্য প্রস্তুতি নিন।’
পঞ্চগড়ের মেধাবী ছাত্রী লাবনী রায় লাবণ্যের অপহরণ, ধর্ষণ ও হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী চাপে আজও অপরাধীদের আটক করা হয় নাই। আওয়ামী জামানায় হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি-পাহাড়ি বিহারী কেউ নিরাপদ নয়।’
সরকার ও প্রশাসনকে সতর্ক করে দিয়ে প্রধান আরো বলেন, ‘শান্তির জনপদ পঞ্চগড়। যারা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি উত্তাল হয়ে উঠবে।’
অনুষ্ঠান পরিচালনা করেন জাগপা ছাত্রলীগের বোদা উপজেলা সাধারণ সম্পাদক মো. মো. রাব্বী।
বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাঈম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সব্বির আলম চৌধুরী রাজিব, জেলা জাগপার ছাত্র লীগের আহ্বায়ক সাহাদাত হোসেন সেলিম শিবিরের উপজেলা সভাপতি আল আমিন, ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন, নাজমুল হক মিঠু, বুলবুল হোসেন।