সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদকে অপসারণের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টায় কামারপুকুরবাসীর পক্ষ্যে একটি মিছিল বের হয়ে কামারপুকুর বাজার প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আনছারুল চৌধুরী, রফিকুল ইসলাম, আতাউর রহমান, কামারপুকুর ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য জালাল উদ্দিন, মমিনুর রহমান, লোকমান হাকিম, মিজানুর রহমান মুকুল, আতিউর রহমান ও হামিদুল ইসলাম ড্রাইভারসহ আরও অনেকে। সভায় বক্তারা জিকো আহমেদ চেয়ারম্যান হওয়ার পর থেকে পরিষদে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি এবং নারী কেলেংকারীতে জড়িয়ে পড়েন। তিনি একাধিক নারীকে ফাঁদে ফেলে নারীর সম্ভ্রমহানী করেছেন। এর মধ্যে তার নামে কয়েকটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে যা বিচারাধীন রয়েছে। সভায় বক্তারা আরও বলেন, কোন ক্রমেই ধর্ষণকারী চেয়ারম্যানকে পরিষদে বসতে দেয়া হবেনা। বক্তারা অবিলম্বে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। সভায় ধর্ষণকারী চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনে যোগদানের জন্য সর্বস্তরের জনগনের প্রতি আহ্বান জানানো হয় এবং সেই সাথে তার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়। উল্লেখ যে, চেয়ারম্যান জিকে আহমেদ প্রায় ২ মাস কারাভোগের পর ১৪ জুলাই জামিনে ছাড়া পেয়েছেন।