কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে এক নারীসঙ্গীসহ আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাত ৮ টার সময় মোটেল প্রবাল থেকে তাদের আটক করা হয়। আটক নারীর নাম ইসমত আরা। সে দক্ষিণ মিঠাছড়ি পূর্ব ছরারকুল এলাকার মুহাম্মদ উল্লাহর মেয়ে।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানান, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে অবৈধ মেলা মেশা করে আসছিল চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ বিষয়ে কয়েকদিন আগে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন ওই মহিলা।
গোপন সূত্রে খবর পেয়ে তাকে মোটেল প্রবালের ১১০ নম্বর কক্ষ থেকে নারীসহ আটক করা হয়। ওই নারীর অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ইসমত আরা সাংবাদিকদের জানান, বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘ সাত বছর ধরে চেয়ারম্যান সাইফুল ইসলাম তার সঙ্গে অবৈধ মেলামেশা করে আসছেন। প্রতি সপ্তাহে তাকে কক্সবাজারের বিভিন্ন হোটেলে এনে রাত যাপন করেন।
ইসমত আরা সাংবাদিকদের আরো জানান, গ্রেফতার হওয়া চেয়ারম্যান সাইফুল ইসলাম তাকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাতেন। তাকে ভিকটিম সাজিয়ে ওই এলাকায় তার (সাইফুল) প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে একটি সাজানো মামলাও করান।
সাইফুল ইসলাম রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং রামু উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য।
মোটেল প্রবাল সূত্র জানায়, বুধবার দুপুরে হোটেলের ১১০ নম্বর কক্ষটি ভাড়া নেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। আটক মহিলাকে স্ত্রী পরিচয় দিলেও হোটেলের রেজিস্টার খাতায় সাইফুল চেয়ারম্যানের নাম লিখা হয়েছে মুহাম্মদ করিম।