কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে মাও. সুজাত আলী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে তার স্বজনরা।
শনিবার দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুজাত আলী মৃত আব্দুল গফুরের ছেলে এবং বুড়িচং উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে সুজাত আলী তার বাড়ির পাশের একটি ঝাড়ে বাঁশ কাটতে যায়। এসময় বাঁশ কাটাকে কেন্দ্র করে তার চাচাতো ভাই কবির ও সোহেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় প্রতিপক্ষের আঘাতে সুজাত আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।