সিসিনিউজ: নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সোমবার জেলাব্যাপী ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার গভীর রাতে টাঙ্গাইল জেলা প্রশাসনের সাথে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের ফলপ্রসূ আলোচনা হওয়ায় তা প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানান জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন বাদল।
উল্লেখ্য যে, গত ১৪ জুলাই রাতে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ও নাবিল পরিবহনের চালক আনোয়রুল ইসলাম যাত্রী নিয়ে নীলফামারীর ডিমলায় যাবার সময় টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গায় গাড়ী থামিয়ে আনোয়ারুলকে গাড়ী থেকে নামিয়ে দুই পায়ে গুলি করে মির্জাপুর থানা পুলিশ। আনোয়ারুল বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। চালককে গুলির প্রতিবাদে আজ সোমবার সকাল ছয়টা থেকে জেলাব্যাপী ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে।