সিসিনিউজ: সংসদ সদস্যরা শত-শত অনুরোধ আর সুপারিশ করেন প্রতিনিয়ত। মন্ত্রীরাও তা থেকে দূরে নয়। হরহামেশাই এমপি-মন্ত্রীরা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে নানা ধরনের তদবিরে দিয়ে থাকেন ডিও লেটার (আধা সরকারি পত্র)।
তাই বলে ঝাড়ুদার নিয়োগেও মন্ত্রীর ডিও লেটার! কিন্তু তাই ঘটেছে নির্বাচন কমিশনে (ইসি)।
সোমবার ইসি সচিবকে নিজের ‘পরিচিত’ ব্যক্তিকে ঝাড়ুদার পদে নিয়োগ দেওয়ার জন্য ডিও লেটার দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। এর আগে স্কুলের অনুষ্ঠান মঞ্চে প্রকাশ্যে ধুমপান করে বিতর্কিত হন তিনি।
আধা-সরকারি পত্রটিতে মন্ত্রী লিখেছেন, প্রিয় সচিব- আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন। আশাকরি ভালো আছেন। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, নিম্নলিখিত তালিকার প্রার্থী আমার নির্বাচনী এলাকার বাসিন্দা এবং পরিচিত ব্যক্তি। উক্ত ব্যক্তিকে নিয়োগ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একান্তভাবে অনুরোধ করা হলো।
পত্রটির নীচের অংশে একটি ছকে মন্ত্রীর সুপারিশ করা ব্যক্তির নাম সুরুজ বাসপর, পিতা গোপিয়া বাসপর লেখা হয়েছে। তিনি ঝাড়ুদার পদপ্রার্থী। যার মৌখিক পরীক্ষার রোল নম্বর ৪১। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। মন্ত্রীর পাঠানো পত্রের নম্বর, ডি/ও-সকম মন্ত্রী/১১/২০১৪-৪৪৮।
ইসি সচিবালয় ও এর অধীন মাঠ পর্যায়ের উপজেলা নির্বাচন কার্যালয়ের জন্য ঝাড়ুদার নিয়োগের মৌখিক পরীক্ষা গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছে। উৎসঃ বাংলানিউজ